সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না: দিনাজপুরে বক্তারা
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন২০২৬) সকাল ১১টায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর অন্তর্ভুক্ত সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-এর উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ-সভাপতি ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সভাপতি সাদাকাত আলি খান। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন তৎকালীন বাকশাল সরকার মাত্র চারটি পত্রিকা রেখে দেশের সকল সংবাদপত্র বন্ধ করে স্বাধীন সাংবাদিকতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল। বর্তমান সময়েও ভিন্ন আঙ্গিকে গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা চলছে। ‘দৈনিক আমার দেশ’সহ দেশের জনপ্রিয় গণমাধ্যমগুলো বন্ধ করে যে চরম ফ্যাসিবাদের পরিচয় দেওয়া হয়েছিল, দেশের আপামর জনগণ তা ভুলে যায়নি। তিনি অবিলম্বে দেশের সকল বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবি জানান।
সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ এবং গণতন্ত্রের প্রধান স্তম্ভ। যখনই কোনো স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, তারা প্রথম আঘাত করে গণমাধ্যমের ওপর। ১৯৭৫ সালের ১৬ জুনের কালো দিনটিকে স্মরণ করে আজ আমাদের যেকোনো মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের অধিকার ও রুটি-রুজির আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সংগঠনের অর্থ সম্পাদক আব্দুস সালাম তার সংক্ষিপ্ত ও বলিষ্ঠ বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া একটি স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক সমাজ কল্পনা করা যায় না। গণমাধ্যমের হাত বেঁধে দিয়ে কখনো রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান, সদস্য মো. ইসমাইল হোসেন, মো. নূর ইসলাম নয়ন, মিজানুর রহমান মিজান, বেলাল হোসেন রাজু, জাহিদ হোসেন, তহমিনা বেগম, লাইছুর রহমান, ফটো সাংবাদিক মো. নূর ইসলামসহ ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সভাপতি মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল আলম।
বার্তা প্রেরক : আব্দুস সালাম
মোবাইল : ০১৭২১৪৬০০০৮




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































